চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলেও স্থানীয়দের সহয়োগিতায় মৃত্যু থেকে রক্ষা পান সুমন ঘোষ(৪৮) নামের এক ব্যবসায়ী। বিষ পানের পর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের নিয়ে গেলে জরুরী চিকিৎসা দিয়ে তাকে শঙ্কামুক্ত করেন। বর্তমানে চমেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সুমন ঘোষের নগরের বক্সিরহাট এলাকায় মসলা জাতীয় পণ্যের ‘স্বপন ঘোষ এন্ড সন্স’ নামের দোকানের মালিক। শুক্রবার দিবাগত ভোর পাঁচটার দিকে তিনি ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
কোতোয়ালী থানার আবু জায়েদ নাজমুন নূর বলেন, ব্যবসায়ীর চাঁদাবাজির অভিযোগ ও আত্মহত্যার চেস্টার ঘটনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আত্মহত্যার চেস্টাকারী ব্যবসায়ী সুমন ঘোষ ফেসবুক লাইভে এসে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নামধারী তিন ব্যক্তি শমসের আলী, আইয়ুব আলী ও শাহাদাত আলী তাঁর কাছে দোকান ভাড়ার নামে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় তাঁকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পাঁচ মাস জেল খাটিয়েছেন। তিনি কারাগারে থাকার সময় তার স্ত্রীকে দিয়ে জোরপূর্বক দোকান ভাড়ার চুক্তিপত্রে স্বাক্ষরও করানো হয়েছে। দোকানটির প্রকৃত মালিক নূর নাহার বেগম।’
বিষের বোতল হাতে নিয়ে তিনি বলতে থাকেন, ‘আমি যখন বললাম, আপনাদের কেন চাঁদা দেব? আমার তো জমিদার (মালিক) আছে, আমার জমিদারকে ভাড়া দেব। তখন তারা বলে, এটা চাঁদা হিসাব করেই তুমি দিবা। আমি এদের চাঁদাবাজির কারণে আত্মহত্যা করছি। আমার মৃত্যুও জন্য এরা দায়ী।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম বলেন, শুক্রবার বক্সিরহাট এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করার পর তাকে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে আসেন। তার পেট থেকে বিষ ওয়াশ করা হয়েছে। বর্তমানে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন, শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২০০৫ সালের ৫ ডিসেম্বর কোতোয়ালী থানার একটি বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ব্যবসায়ী সুমন ঘোষকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের পাঠায়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারপর পাঁচ মাস কারাভোগ করে জামিনে মুক্তি পান। এদিকে সুমন ঘোষ ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টার পর অভিযুক্তদের একজন আইয়ুব আলী কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি সেখানে নিজেকে নির্দোষ দাবি করে সুমনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন।
Leave a Reply