রাঙামাটি এক্সপ্রেস প্রতিনিধি
রাঙামাটি সদরের কুতুকছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমা (৪১) খুন হয়েছেন। এসময় ভাইকে বাঁচাতে গিয়ে দুই বোন গুলিবিদ্ধ হন। তাদের অবস্থা ভালো নয়। শুক্রবার সকাল ৬টায় কতুকছড়ি ইউনিয়নের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা জানান, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার দুই বোন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, কুতুকছড়ির এক আবাসিক এলাকায় ধর্ম শিং চাকমা অবস্থান করছিলেন। এসময় ১০ থেকে ১২ জন বাড়ি ঘেরাও করে। পরে তিনি পালিয়ে যাওয়ার সময় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার দুই বোন ভাগ্য শোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫) গুলিবিদ্ধ হন। তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সৈকত আকবর খান বলেন, ভাগ্য শোভা চাকমা ও কৃপাসোনা চাকমা নামে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। রোগীদের অবস্থা তেমন ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দীন জানান, একজন নিহত হয়েছেন বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।
Leave a Reply