চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি প্রকাশ মনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, রোববার বিকেল হাটহাজারী থানার চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি প্রকাশ মনাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি ৭ দশমিক ৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া এবং বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওসমান তার দুই সহযোগী হৃদয় ও রাজু’র বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
সন্ত্রাসী ওসমানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে।
Leave a Reply