চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, ভিন্নতর উপায়ে চোরাচালানের মাধ্যমে দলিলাদি জালিয়াতি করে বিএমডিব্লিউ (গাড়ি নম্বর চট্টমেট্রো-গ-১১-৩৬৫১) আনার অভিযোগের গাড়িটি জব্ধ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের নিরারক দল নগরের রহমতগঞ্জের একটি বাসার পার্কিং এ অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। মোংলা বন্দর দিয়ে ইউজড কার পার্টস ঘোষণায় বিলাসবহুল গাড়ি আমদানির সূত্র ধরে এ অভিযান পরিচালনা করা হয়। গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব চট্টগ্রামে প্রিন্টিং ব্যবসার সঙ্গে জড়িত। তিনি মিত্র বাংলাদেশ নামের একটি গঠনের চেয়ারম্যান ও চট্টগ্রাম পোস্টের নামের একটি মাসিক পত্রিকার সম্পাদকও।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, মোংলা বন্দরে পৃথক পৃথক ইউজড কার পার্টস ঘোষণার আড়ালে সম্পূর্ণ বিলাসবহুল গাড়ি মাত্র তিন থেকে চারটি বড় অংশে কেটে এসকেডি (সেমি নকড ডাউন) অবস্থায় আমদানির অভিনব কৌশল উদঘাটন করি আমরা। অভিনব কৌশল উদঘাটনের প্রেক্ষিতে ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য থাকায় বৃহস্পতিবার দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল জামালখান ওয়ার্ডের রহমতগঞ্জের ৩৩ কেবি আবদুস সাত্তার সড়কের সাত্তার মঞ্জিলে (বিটিআই ভবন) অভিযান চালিয়ে বিএমডব্লিউ (গাড়ি নম্বর চট্টমেট্রো-গ-১১-৩৬৫১) আটক করি। জিজ্ঞাসাবাদে গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়িটির ক্রয় বা আমদানি সংক্রান্ত তথ্য বা দলিলাদি চাওয়া হলে তা কাস্টমস গোয়েন্দা টিমের কাছে দেখাতে পারেননি। পরবর্তীতে র্যাব এবং কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার গাড়ির চাবি চাইলেও গাড়ির মালিক চাবি দিতে অস্বীকৃতি জানায়।
তৎপ্রেক্ষিতে আমদানি সংক্রান্ত দলিলাদি অথবা গাড়িটি ক্রয়ের কোনো ডকুমেন্টস না থাকায় এবং এ সংক্রান্ত কোনো তথ্য প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তিরা অপারগ হলে গাড়িটির চাবি না দেওয়ায় অতিরিক্ত মহাপরিচালক কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের নেতৃত্বে পার্কিংয়ে রাখা গাড়িটি জব্ধ করা হয়। শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, ভিন্নতর উপায়ে চোরাচালানের মাধ্যমে দলিলাদি জালিয়াতি করে গাড়িটি আনার অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানান রেজভী আহম্মেদ।
Leave a Reply