দল থেকে বহিষ্কার হলেন বিএনপি নেতা লিয়াকত আলী চেয়ারম্যান
চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি:
শক্তিশালী প্রার্থী হওয়ায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোটের সমিকরণ উলটপালট করে দিচ্ছেন লিয়াকত আলী। নিজস্ব তিন ইউনিয়নে দাপট থাকায় নিজেও বিজয়ী হবার স্বপ্ন দেখছেন। সেই সঙ্গে আঞ্চলিকতাও প্রাধান্য পাচ্ছে। তাই দলের বিরুদ্ধে গিয়ে বাজি ধরেছেন তিনি। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে এবার বহিষ্কার হয়েছেন বিএনপি নেতা লিয়াকত আলী চেয়ারম্যান। বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কার হওয়া নিয়ে প্রতিক্রিয়ায় লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, আমি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছি। দল যাকে মনোনয়ন দিয়েছে সেটাকে মেনে নিতে পারিনি। দলের কাজ দল করেছে, আমার কাজ আমাকে করতে হবে। তিনি বলেন, এই বহিষ্কারাদেশ শেষ কথা নয়। অনেকেই বহিষ্কার হয়েও পরে প্রমোশন পেয়েছেন।
জানা যায়, চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। আর দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী। প্রাথমিকভাবে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে কমিশনে আপিল করে মনোনয়নপত্রের বৈধতা ফিরে লিয়াকত আলী।
স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপির দুই নেতার ভোট ভাগাভাগিতে বাজিমাত করতে পারেন জামায়াতের প্রার্থী জহিরুল ইসলামও। ভোটের মাঠে সংখ্যালঘু ও আওয়ামীলীগ ভোট বড় ফ্যাক্টর হয়ে ওঠতে পারে বলে মনে করছেন সচেতন ভোটাররা।
Leave a Reply