চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের আলোচিত বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণ মামলায় চার কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ শেষ করেছে ট্রাইব্যুনাল। সোমবার সাক্ষ্যগ্রহণ ক্লোজ কওে আগামীকাল মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এর আদালত এ আদেশ দেন। শুনানির সময় আসামি মনির হোসেন(৩০) আদালতে উপস্থিত ছিলেন। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
ট্রাইব্যুনাল পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় চার কার্যদিবসে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। সোমবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির পরীক্ষাও শেষ করা হয়। আগামীকাল মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এরপর রায় ঘোষণা করবে আদালত।
আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। আসামি মনির হোসেন(৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। তবে তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখাননগরে বসবাস করতেন। গত ২১ মে বিকেলে বাকলিয়ার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠ সংলগ্ন একটি গুদামকক্ষে চার বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
Leave a Reply