চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ঘিরে ভুয়া অ্যাম্বুলেন্স মালিক ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট(সিএমএম) এজিএম মনিরুল হাসান সরকার। গতকাল মঙ্গলবার আদালত থেকে পাঠানো নথিপত্রে এ তথ্য জানা গেছে। সোমবার জারি করা এক প্রশাসনিক আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে(এডিসি) সরেজমিন তদন্ত করে আগামী এক সপ্তাহের মধ্যে অর্ন্তবর্তী প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী বলেন, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে মিডিয়া প্রকাশিত সংবাদ ও ভিডিও মাননীয় সিএসএম মহোদয়ের নজরে আসে। তারপরই তিনি স্বপ্রনোদিত হয়ে সিএমপি’র উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) সরেজমিনে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে অগ্রগতি প্রতিবেদনও আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
সিএমএমের আদেশে উল্লেখ করেন, চমেক হাসপাতালের বাইরে থেকে আসা বৈধ অ্যাম্বুলেন্স কিংবা স্বজনদের নিজস্ব গাড়ি দিয়ে রোগী বা লাশ পরিবহনে বাধা দেওয়া হচ্ছে। এ কাজে জড়িত ব্যক্তিরা গাড়ি চালকদের হুমকি, মারধর ও হেনস্তাও করছেন। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দন্ডবিধির চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি বাধা দেওয়াসহ বিভিন্ন ধারায় এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করার ব্যবস্থা নিতে হবে। এ জন্য তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে সমন্বিতভাবে এমন পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে রোগী ও মৃত ব্যক্তির স্বজনেরা নিজেদের পছন্দমতো অ্যাম্বুলেন্স, ফ্রিজিং ভ্যান বা অন্য কোনো যানবাহন ব্যবহার করে পরিবহনসেবা নিতে পারেন। কোনো বৈধ গাড়ির প্রবেশে বাধা দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। চমেক হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনার নির্দেশনা দেন সিএমএম।
এছাড়া পৃথক আরেকটি প্রশাসনিক আদেশে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর এলাকায় সরকারি অফিসে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগ আদালতে অভিযোগ শাখায় জমা করা যাবে। আদালতের বিচারক, বেঞ্চ, পুলিশের জিআরও শাখাসহ যে কোন শাখার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে বিচারপ্রার্থীদের অভিযোগ বক্সে অভিযোগ করার জন্য নির্দেশনা দিয়েছেন সিএমএম চট্টগ্রাম।
Leave a Reply