চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদের প্রার্থীতা বাতিল করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। জসিমের বিরুদ্ধে একাধিক মামলা এবং ২০২৪ সালের জুলাই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাঁরা। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, জসীম উদ্দিন আহমেদ বর্তমানে মোট ১১টি মামলার আসামি। এর মধ্যে জুলাই হত্যাকান্ড সংক্রান্ত অন্তত তিনটি মামলা সরাসরি বিচারাধীন রয়েছে। গুরুতর ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তাঁর প্রকাশ্য নির্বাচনী তৎপরতা নির্বাচন কমিশনের আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের নীতিমালার পরিপন্থী।
নেতারা অভিযোগ করেন, গত ১০ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধাদের প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এমনকি নির্বাচিত হলে বিপ্লবীদের বাড়িছাড়া করার হুংকারও দেওয়া হয়েছে, যা চরমভাবে উদ্বেগজনক ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ও ব্যানার অপব্যবহারের তীব্র নিন্দা জানানো হয়।
এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখ্য সংগঠক সরোয়ার কামাল রুবেলের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ এবং চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, অভিযুক্ত প্রার্থী নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ, ব্যানার-পোস্টার ব্যবহার, বিভ্রান্তিকর পরিচয় প্রচার এবং অননুমোদিত কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। সম্প্রতি তাঁর পক্ষে আয়োজিত বৈষম্যবিরোধী ৩৬ জুলাই যাদ্ধা ব্যানারের একটি কর্মসূচিতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত কোনো প্রকৃত জুলাই যোদ্ধার উপস্থিতি ছিল না। এটি শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
চট্টগ্রাম মহানগরের সংগঠক এহেসানুল হক লাবিব, জায়নুল আবেদীন কায়সার, দক্ষিণ জেলার সংগঠক ও জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, সংগঠক মো. সাইফুল ইসলাম রাব্বি, মহানগরের যুগ্ম সদস্য সচিব মো. মঈনুদ্দীন, সংগঠক হাসিবুল হাছান সাওয়াল, সালমান শামীম এবং দ্যা রেড জুলাই চন্দনাইশ উপজেলার মুখ্য সংগঠক সাজ্জাদ হোসাইন রাহাত।
Leave a Reply