চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) একমাত্র প্রার্থী মো. জুবাইরুল হাসান আরিফ জামানত হারিয়েেছন । তিনি মোট ভোটের সাড়ে ১২ শতাংশ পাননি। জামানত বাঁচানোর শর্তের চেয়ে প্রায় ২৯ হাজার কম ভোট পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ এবং ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হবে বা সরকারি কোষাগারে জমা হবে। এ হিসেবে চট্টগ্রাম-৮ আসনে মোট প্রার্থী ছিলেন ৬ জন। ১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট পেয়ে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আবু নাছের ৫৩ হাজার ৫৬৪ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান ৪২ হাজার ৫৮৫ ভোট পেয়েছেন। বাকি চারজনই জামানত হারিয়েছেন।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন। এ আসনে ভোট পড়েছে ২ লাখ ৬০ হাজার ৯৫৮ বা ৪৭ দশমিক শূন্য ৪ শতাংশ। সে হিসাবে এ আসনে সাড়ে ১২ শতাংশ ভোট হবে ৩২ হাজার ৬০০–এর আশপাশে।
জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির মো. জুবাইরুল হাসান আরিফ পেয়েছেন ৩ হাজার ৩৪৯ ভোট। অর্থাৎ জামানত বাঁচানোর শর্তের চেয়ে প্রায় ২৯ হাজার কম ভোট পেয়েছেন।
Leave a Reply