কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের ঘটনায় রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে অঝোরে কেঁদেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
আজ রোববার সকাল ১০টার দিকে সিঙ্গাপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীকে ফোন করেন মনিরুল হক। তাদের এই হোয়াটসঅ্যাপে কথোপকথনের একটি ভিডিও মনিরুল হক চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করার পর তা ভাইরাল হয়। পুরো কথোপকথনের সময়জুড়েই কান্না করতে দেখা গেছে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কাঁদতে কাঁদতে রেলমন্ত্রীকে বলছেন, গত ১০০ বছর ধরে এ ঘটনা ঘটছে, কেউ বিচার করছে না। আমি চেষ্টা করেছি সাধ্যমতো। তত্ত্বাবধায়ক সরকারের কাছে সব কাগজপত্র আছে রেল সচিবের কাছে। পদুয়ার বাজার ব্যারিকেডে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) টাকা দিয়েছিল, লুট করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকারের সময়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য ৭৫০ কোটি টাকা দিয়েছিলেন সাইফুর রহমান, এই কাজটি কমপ্লিট করতে পারি নাই। এ সময় অপর প্রান্ত থেকে মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়- আপনি সেদিনও বলেছেন, সেদিনও বলেছেন। সঙ্গে সঙ্গে মনিরুল হক চৌধুরী কান্না করে বলেন, আপনি একটু গিয়ে দেখুন। আমার ডাক্তারের এপয়েন্টমেন্ট কাল রাতে। ডাক্তার দেখানো হলে আমি কাল রাতেই ফ্লাইট ধরার চেষ্টা করব। এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি ভাই রবিউল, এই পদুয়ার বাজার রেলওয়ে ব্যারিকেড.. আমি শান্তি পাব জীবনে। আমি কাউকে নিতে পারি নাই, আপনি একটু দেখে আসেন। মির্জা ফখরুলকে নোয়াখালী যাওয়ার সময় দেখিয়েছিলাম। আপনি একটু দেখে আসেন। এ সময় মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়- আমি যাচ্ছি রওনা দিয়ে। আমি যা করার করব। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন- আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন।’
শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেন। এতে ১২ জনের মৃত্যু হয়। আহত হন ১৫ জন।।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শাহ জাহান বলেন, এ হাসপাতালে ১৮ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। ৫ জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply