চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের দুর্নীতি মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর আগে এক দিনে ১০ জন সাক্ষ্য দিয়েছিলেন। সবমিলিয়ে ১৮ জন সাক্ষী দুই দিনে সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত সাক্ষ্যগ্রহণ করেন।
দুদক পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলায় ৭ জন সাক্ষী আদালতে উপস্থাপন করা হয়। আদালতে তাঁদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করেছেন। আগামী ২০ মে মামলার পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত।
মামলার আসামিরা হলেন- সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী, সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী প্রমুখ।
মামলার চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরবর্তীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে সেই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কিনে নেন। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে। ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। তদন্ত শেষে ৩৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল দুদক। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।
Leave a Reply