চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী শাহ আমানত সেতুর প্রবেশদ্বার গোলচত্বরে ৫০ হাজার ইয়াবাসহ আশিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। তাকে চট্টগ্রাম মেট্টোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এর আগে মঙ্গলবার কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে প্রবেশের সময় তল্লাশি করে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে খুলনায় যাওয়ার সময় ধরা পড়েছেন তিনি। আশিকুল খুলনা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। গোপালগঞ্জের মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাবর আলী মুন্সীর ছেলে সে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ আশিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) আনিসুজ্জামান বলেন, খুলনায় কর্মরত এক পুলিশ সদস্য চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বিষয়টি জেনেছি। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply