চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে থাকা ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে ভারতীয় নাগরিক নরেন ধর(৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নরেন হাইকমিশনের সহকারী সিকিউরিটি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নগরের খুলশী এলাকায় অবস্থিত হাইকমিশনে কিভাবে নরেন ধরের মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। এ নিয়ে পুলিশের কোন কর্মকর্তাই মুখ খুলতে চাইছেন না। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
লাশ উদ্ধারে দায়িত্ব পালন করা নগরের খুলশী থানার এসআই এনামুল হক বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। এখন ব্যস্ত আছি পরে কথা বলবো।
খুলশী থানার ইন্সপেক্টর তদন্ত মো. নজরুল ইসলাম বলেন, নরেন ধর নামে ভারতীয় হাইকমিশনের সহকারী সিকিউরিটি কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারের মর্গে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হাইকমিশনের কাছে হস্তান্তর করা হবে। নরেন ভারতীয় নাগরিক। তার শরীরে কোন জখম কিংবা কাটাছেঁড়ার দাগ নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেয়ে মৃত্যুার কারণ জানা যাবে।
ভারতীয় হাই কমিশনারের অফিসিয়াল নম্বরে ফোন করলেও সংযোগ পাওয়া যায়নি। হাই কমিশনারের ব্যক্তিগত সহকারী(পিএ) রবি কুমারের অফিসিয়াল নম্বরে ফোন করলে এক ব্যক্তি ফোন ধরেন। তিনি নাম প্রকাশ প্রকাশ না করে বলেন, হাইকমিশনের ভেতর ধরেন ধর নামে কেউ মারা গেছে কিনা জানা নেই। এ বিষয়ে কোন তথ্য জানতে চাইলে অফিসিয়ালী মেইল করতে পারেন। এর বেশি কোন তথ্য দিতে অপারগতা জানান।
নগর পুলিশের উত্তর জোনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বিদেশি মিশনের ভেতর থেকে লাশ উদ্ধারের ঘটনা। মিশনের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন বা সন্দেহজনক আলামত পাওয়া পাওয়া যায়নি। খবর পেয়ে সকালে খুলশী থানা পুলিশের একটি দল ভারতীয় হাইকমিশনে যায়। সেখানে লাশের সুরতহাল করেন। তার কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্সে করে লাশটি বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় নগরের খুলশী থানা পুলিশের একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply