চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে রুপালী ব্যাংকের ১০৯ কোটি ৬৪ লাখ টাকার ঋণখেলাপী মামলায় নুরজাহান গ্রুপের চার দুই অঙ্গ প্রতিষ্ঠানের চার মালিকে ছয় মাসের দেওয়ানী সাজা দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর জজ এ রায় দেন। দন্ডিতরা হলেন, নুরজাহান ফ্লাওয়ার মিলসের চেয়ারম্যান ইফতেখার আল জাবের, পরিচালক আবদুর রহিম, জাসমির ভেটিটেবল অয়েলের চেয়ারম্যান টিপু সুলতান ও নুর জাহান সুপার অয়েলের চেয়ারম্যান জসিম উদ্দিন। এদের মধ্যে রহিম, টিপু ও জসিম আপন ভাই।

জাসমির ভেটিটেবল অয়েলের চেয়ারম্যান টিপু সুলতান
এদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ ৮৫ কোটি টাকার ঋণখেলাপীর মামলায় ১০ ব্যবসায়ীকে ছয় মাস করে সাজা দিয়েছেন একই আদালত। দন্ডিতরা হলেন, ওজি ট্রেড লিমিটেডের চেয়ারম্যান গোফরানুল আলম, এমডি হাকিম আলী, পরিচালক সাইফুল আলম, ওসমান গনি, রাশেদুল আলম, ফারজানা বেগম, আবদুস সামাদ, আবদুল্লাহ হাসান, শহীদুল আলম ও ফারজানা পারভীন।
আদালতের ব্যঞ্চ সহকারী মো. এরশাদ বলেন, রুপালী ব্যাংকের আইনজীবী অর্থঋণ আদালত আইনের ৩৪ ধারায় চার ঋণখেলাপীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার আবেদন করেন। শুনানি শেষে আদালত রুপালী ব্যাংকের মামলায় নুরজাহান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের চার জনকে ছয় মাস করে দেওয়ানী আটকাদেশ দিয়ে সাজা পরোয়ানা ইস্যু করেছেন। রুপালী ব্যাংক আগ্রাবাদ শাখা গত ৩ ফেব্রুয়ারি আদালতে অর্থঋণ জারি মামলাটি দায়ের করেন।
আদালতের ব্যঞ্চ সহকারী মো. এরশাদ আরো জানান, ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা গত ২০ জানুয়ারি অর্থঋণ একটি জারি মামলা দায়ের করেন। সেই মামলায় ১০ ঋণখেলাপী ব্যাংকের পাওনা টাকা পরিশোধ করছেন না। তাই পাওনা টাকা আদায়ে সব ঋণখেলাপীর বিরুদ্ধে অর্থঋণ আদালত আইনের ৩৪ ধারায় সাজা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার আবেদন করেন ব্যাংকের আইনজীবী। শুনানি শেষে আদালত সাজা দিয়ে ১০ ঋণখেলাপীর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন।
Leave a Reply