চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
দেশের শতবর্ষী প্রাচীন ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক যুগ পর সরাসরি ভোটে নেতৃত্ব নির্ধারিত হতে যাচ্ছে। নানা নাটকিয়তার পর গতকাল শনিবার এই সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । গত বৃহস্পতিবারও সমমনা পরিষদের নেতা এস এম নুরুল হক ও মো. আজিজুল হকের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৬ মাসের জন্য এ নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু একই দিন বিকেলে চেম্বার জজ আবার সেই রায় স্থগিত করে দেয়। ফলে শনিবার নির্বাচন অনুষ্ঠান নিয়ে আর কোন বাধা ছিল না। সাড়ে ৬ হাজার ভোটারের অধিকাংশ অনুপস্থিত থাকলেও ভোটকে ঘিরে উৎসবমুখর ছিল পরিবেশ ।
চেম্বারের এই নির্বাচনকে ঘিরে বিএনপি পন্থী ব্যবসায়ীদের দুটি গ্রুপ মামলা রিট ও পাল্টা রিট করেছে একের পর এক। দীর্ঘদিন এমন রিট ও মামলা-পাল্টা মামলার জালে জড়িয়ে ২০ মাস ধরে নেতৃত্ব শূণ্য আছে শতবর্ষী এই সংগঠন। উচ্চ আদালতের নির্দেশে পাঁচবার এই নির্বাচন স্থগিত হয়েছে।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম নুরুল হকের নেতৃত্বাধীন সমমনা পরিষদ আলাদা প্যানেল দিয়ে এই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছিল। কিন্তু ভোটের একদিন আগে নুরুল হকের প্যানেল ভোট বর্জন করার ঘোষণা দেয়। এজন্য ভোটারের উপস্থিতিও ছিল প্রত্যাশার চেয়ে অনেক কম।
চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সচিব নুরুল আবসার চৌধুরী বলেন, ‘নির্বাচন ঘিরে দুটি পক্ষ আদালতে সক্রিয় ছিল। একটি পক্ষ নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছে। আরেকটি পক্ষ নির্বাচন যেন ঠিক সময়ে অনুষ্ঠিত হয়, সেই চেষ্টা করেছে। তবে আমাদের কাছে বা নির্বাচন কমিশনারের কাছে এসব ব্যাপারে কোনো চিঠি আসেনি। তাই নির্বাচন শনিবারে যথাসময়েই শেষ করি আমরা।’ ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার আমিরুল হক বলেন, ‘এক যুগ পর ভোটাররা নির্বাচনে আগ্রহভরে অংশ নিয়েছে। যারা আজ ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে তাদেরও অনেকে ভোট পাবে। আশা করছি ভোটের পরে মিলেমিশে আবার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে পারবো আমরা।’
নগরের আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপ থেকে মোট ১৮ জন পরিচালক নির্বাচিত হবে। টাউন ও ট্রেড গ্রুপের ৬ পরিচালক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
গত সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সাধারণ শাখার পরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৩ মে এই নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি জানানো হয়।
Leave a Reply