চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের মনছুরাবাদ বাঘেরবিল এলাকায় জামাল উদ্দিন মিজানের রিক্সার গ্যারেজে দারোয়ান আবু সিদ্দিককে অন্ডকোষে আঘাত করে খুন করা হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে খুনের মামলা দায়ের করার চার ঘন্টার মধ্যে খুনে সম্পৃক্ত সাত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে সাত আসামিকে চট্টগ্রাম মেট্টোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার আসামিরা হলেন, শেখ আহমেদ রুবেল(৩৫), সাইফুল ইসলাম(২৭), মনিরুজ্জামান মামুন(২৮), জামাল উদ্দিন মিজান(৪৫), গোলাম রব্বানী(৫৫), আবুল বাশার(৩৯) ও পেয়ার আহাম্মদ।
নগরের ডবলমুরিং থানার ওসি শাহীনূর আলম বলেন, গ্যারেজ থেকে ব্যাটারি ও রিকশা চুরির ঘটনায় দারোয়ান সিদ্দিক রুবেলসহ অন্য আসামিদের সন্দেহ করে চুরির মালামাল ফেরত দিতে চাপ দেন। এ আসামিরা ওই গ্যারেজে বসে নিয়মিত মাদক সেবন ও আড্ডা দিতেন। তার জেরেই দারোয়ান সিদ্দিককে বৃহস্পতিবার মারধর করেন। এক পর্যায়ে অন্ডকোষে আঘাত করলে তিনি মারা যান। এ ঘটনায় শুক্রবার সকালে মামলা দায়েরের চার ঘন্টার মধ্যে আমাদের কয়েকটি টিম সাত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
এজাহারে উল্লেখ করা হয়, দারোয়ান আবু সিদ্দিক তিন বছর ধওে জামাল উদ্দিন মিজানের রিক্সার গ্যারেজে দারোয়ানের চাকুরি করে আসছিলেন। আসামি শেখ আহমেদ রুবেল, সাইফুল ইসলাম ও মনিরুজ্জামান মামুন প্রতিদিন ওই গ্যারেজে গিয়ে আড্ডা দিতেন এবং মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হতেন। তাদের অপকমের বিষয়ে রিক্সার গ্যারেজের মালিক মিজানকে জানানো হলেও তিনিও চুপচাপ থাকতেন। গত ৫ দিন পূর্বে রুবেলের নেতৃত্বে আসামিরা গ্যারেজ হতে পিকআপ গাড়ীর ব্যাটারী ও রিক্সার চাকা চুরি করে। চুরির ঘটনাটি দারোয়ান জানার পর তাদের গ্যারেজে প্রবেশ না করার জন্য অনুরোধ করেন। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে খুন করেন।
Leave a Reply