চট্টগ্রাম এক্সপ্রেস
ভারতে বসে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের টার্গেট করে প্রতারণা করছে খোকন নামের এক ব্যক্তি। তার বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ পরিচয় দিয়ে চট্টগ্রাম কাস্টমস ও বন্দর কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুদক কর্মকর্তা সুবেল আহমেদ গতকাল সোমবার নগরীর ডবলমুরিং থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী) করেছেন।
এতে বলা হয়, গত ২২ ডিসেম্বর কার্যালয়ে থাকা অবস্থান করা কালীন সময়ে তিনি জানতে পারেন একজন অজ্ঞাত ব্যক্তি তার নাম, ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করেছেন। সেই প্রোফাইলে একটি মোবাইল নম্বর ও ইমেইল ব্যবহার করা হচ্ছে, যা তার নয়। বলা হয়, উক্ত অজ্ঞাত ব্যক্তি নিজেকে দুদক এর উপ-পরিচালক পরিচয় দিয়ে চট্টগ্রাম কাস্টমস ও বন্দর এলাকার বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা চাওয়া হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়েছেন। প্রতারক চক্র এ কাজ করছে।
দুদক কর্মকর্তা সুবেল আহমেদ বলেন, একটি প্রতারক চক্র আমার নাম দিয়ে প্রতারণা করছে। প্রতারণামূলক কর্মকান্ডের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমার ছবি ও নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমার সামাজিক ও ব্যক্তিগত সম্মানহানি করা হচ্ছে। যার কারণে থানায় জিডি করেছি। পুলিশ এখন তদন্ত করে ব্যবস্থা নেবে।
দুদক কর্মকর্তারা জানান, অনুসন্ধান করে জানতে পেরেছি ভারতে বসে খোকন কান্তি মজুমদার নামে এক ব্যক্তি এ প্রতারণা করছেন। তিনি চট্টগ্রামের আনোয়ারার তিশারী এলাকার বাসিন্দা। বর্তমানে ভারতে অবস্থান করছেন।
Leave a Reply