চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি:
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ফজলে রাব্বী হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকার কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়ালি রিমান্ড শুনানিতে অংশগ্রহণ করেন ফজলে করিম।
নগরের চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুন জানান, জুলাই অভ্যুত্থানের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ফজলে করিম চৌধুরী বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২৪ সালের ৪ আগস্ট নগরের চান্দগাঁওয়ের বহদ্দারহাট এলাকায় ফজলে রাব্বিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এবিএম ফজলে করিম চৌধুরী আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরও আসামি। এর আগে, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিমকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
Leave a Reply