চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মামলার প্রথম সাক্ষী হিসেবে আইনজীবীর বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন সাক্ষ্য দেন। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। শুনানির শুরুতে কারাগারে থাকা অন্যতম আলোচিত আসামি চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া সকল আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। নিরাপত্তার স্বার্থে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত করা হয়। চিন্ময়ের পক্ষে আইনজীবী সাক্ষীকে জেরা করার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করলে আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য্য করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার শুরু হয়েছে। আসামিপক্ষ জেরার জন্য সময়ের আবেদন করেন। তারা এর মাধ্যমে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করছে যা দুঃখজনক। আমরা দ্রুততম সময়ে ন্যায়বিচার প্রত্যাশা করছি।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালতের আশপাশ এলাকায়। এ সময় খলিফা পট্টি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ২৯ নভেম্বর নিহত আইনজীবী সাইফুলের বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। একই দিন আলিফের ভাই বাদী হয়ে ভাঙচুর ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করেন।
Leave a Reply