চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বিরুদ্ধে চট্টগ্রাম নগরের জামাল খানের জয়পাহাড় আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়। এ অপরাধে সরকারি এই প্রতিষ্ঠানকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের মহানগর কার্যালয়ে শুনানি শেষে এই আদেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, পরিদর্শন রিপোর্ট অনুযায়ী তফসিলভুক্ত উক্ত জায়গায় পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। পরিদর্শনে দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৮ ফুট, উচ্চতা ৮ ফুট সর্বমোট আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট দৃশ্যমান পাহাড় কাটার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে।
তিনি বলেন, সার্বিক বিবেচনায় পাহাড় কাটার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সংশোধিত (২০১০) এর ৬ (খ) ধারার অপরাধের জন্য ধারা-৭ এর পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য Environmental Damage Assesment করা হয়েছে। সংশ্লিষ্ট ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কর্তন করায় ৯ লাখ ৬০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য্য করা হলো (প্রতি ঘনফুট ১০০/- টাকা হারে)। সেইসাথে কর্তনকৃত স্থানটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাসহ অনুমোদন ব্যতিত কোন ধরনের দৃশ্যমান পাহাড়/টিলা কর্তন হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।
আদেশের তথ্যমতে, শুনানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন এবং এলডিএ মো: শিহাব উদ্দিন হাজির হন। আর প্রসিকিউশনের পক্ষে চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান এবং সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক হাজির উপস্থিত ছিলেন। শুনানিতে সরেজমিন পরিদর্শন প্রতিবেদন, বিবাদীর লিখিত বক্তব্য এবং দালিলিক প্রমাণাদি পর্যালোচনা করা হয়।
Leave a Reply