চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে পেশাদার গাড়িচালকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম কার্যালয়ের উদ্যোগে রোববার (২৯ মার্চ) পেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় এ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিআরটিএ সূত্রে জানা যায়, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় চালকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ প্রতি সপ্তাহেই আয়োজন করা হয়। রোববার ও বৃহস্পতিবার নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) মোছাম্মাৎ মমতাজ বেগম। এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি রইস উদ্দিন, উপপরিচালক (ইঞ্জি.) কেএম মাহবুব কবির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাজাদা মো. সামসুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, নিরাপদ সড়কের গুরুত্ব, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী শাস্তির বিধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মোটরযানের যন্ত্রাংশ, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা এবং যাত্রীদের সঙ্গে ভালো আচরণের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারী চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও ব্রোশিয়ার বিতরণ করা হয়।
বিআরটিএ জানায়, প্রশিক্ষণে অংশ নেওয়া প্রতিটি চালককে সম্মানী এবং দুপুরের খাবার প্রদান করা হয়। এ কর্মশালায় মোট ২৪৯ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।
Leave a Reply