চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহন শুরু হয়েছে। গতকাল রোববার চটগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী মশিউর রহমান। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহনের জন্য ২১ এপ্রিল দিন ধার্য্য করেছেন আদালত।
দুদক পিপি আইনজীবী মোকাররম হোসাইন বলেন, সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্ত্রীসহ ৩৬ আসামির বিরুদ্ধে বাদী দুদকের উপ-পরিচালক মশিউর রহমান প্রথম আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি ২৫ কোটি টাকা আত্মসাত করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন। এ সময় মামলার ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ মার্চ এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেদিন সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৫ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছিল। তার আগে গত ৭ জানুয়ারি চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলাম এই মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করেন। গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এই মামলায় অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান।
মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ৩৬ জনকে আসামি করা হয়।
গত বছরের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১ মামলাটি দায়ের করেছিলেন।
Leave a Reply