চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করতে থানায় নিয়ে যাওয়ার সময় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিসমিল্লাহ ম্যানশন ঘিরে শত শত এলাকাবাসী বিক্ষোভে অংশ নেন। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছ থেকে বের করে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে বিসমিল্লাহ ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ। অভিযুক্তকে ভবন থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যদের পিছু হটে ভবনের ভেতরে অবস্থান নিতে হয়। এসময় জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে। অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী মাইকিং করে জনসাধারণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানায়। অভিযুক্তকে নিরাপদে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply