চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে ২৪ ঘন্টার মধ্যে হাসপাতালের ছাদ থেকে পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হওয়া তরুণী রিয়া আক্তার রিতার নিহতের জট খুলেছে পুলিশ। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ইউএসটিসি হাসপাতালের ভবনের পাঁচতলা ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে তরুণীকে হত্যা করা হয়। এ ঘটনায় আব্দুর রহমান শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার নগরের খুলশী থানা পুলিশ রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রহমান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ভাটখালি এলাকার শেখ বাড়ির মৃত সোহরাব শেখের ছেলে।
খুলশী থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে রিয়া আক্তার রিতে কৌশলে খুন করার ঘটনায় আব্দুর রহমান শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে গার্মেন্টস ছুটির পর কৌশলে রিয়াকে ফয়’স লেক এলাকায় নিয়ে যান রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ইউএসটিসি হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রিতার মা জমিলা বেগম খুলশী থানায় হত্যা মামলা করেন। ফেনীর সোনাগাজীর বাদামতলি এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
ভিকটিমের মা জমিলা বেগম বলেন, নগরের পাহাড়তলি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। সিডিএ মার্কেট এলাকার একটি গার্মেন্টসে আমার বড় মেয়ে ও ভিকটিম রিতা কাজ করতেন। এক গার্মেন্টসে চাকরি করার সুবাদে আব্দুর রহমান প্রায় রিতাকে প্রেম করার জন্য বিরক্ত করতেন। কয়েক মাস আগে মারামারির ঘটনায় রহমানের চাকরি চলে যায়। এরপরও তিনি রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এ কারণে রিতাকে খুন করেছে রহমান।
Leave a Reply