চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনের বিরুদ্ধে নানান অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ধারাবাহিক কর্মসূচিও পালন করছেন ঠিকাদাররা। ঠিকাদাররা নির্বাহী প্রকৌশলীর সাথে দফায় দফায় বৈঠক করলেও বিল ছাড় সংক্রান্ত সমস্যার সুরাহা হয়নি। বিল না পেয়ে অনেক ঠিকাদার মানবেতর জীবনযাপন করছেন অভিযোগ করছেন ঠিকাদাররা।
গতকাল শনিবার আন্দোলনের ধারাবাহিকতায় নগরীর মুরাদপুর এলজিইডি ভবনের নিচে মানববন্ধন করেছেন এলজিইডি চট্টগ্রামের সাধারণ ঠিকাদাররা। এ সময় বক্তব্য দেন ঠিকাদার সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, ঠিকাদার নেতা সাইফুল আলম, জামশেদুল আলম, টিটু, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ সুমন ও মৌলভী দিদার।
ঠিকাদরদের অভিযোগ, প্রতিবছর জুন ও ডিসেম্বর মাসে ঠিকাদারদের বিল পরিশোধ করার নিয়ম রয়েছে। কিন্তু নির্বাহী প্রকৌশলী নানা অজুহাতে বিল পরিশোধে গড়িমসি করছেন। ঠিকাদারদের নানাভাবে হয়রানি করছেন। কাজ শেষ করার পর বছরের পর বছর অতিবাহিত হলেও বিল পাচ্ছেন না ঠিকাদাররা। ফলে সরকার ও প্রশাসনের সঙ্গে ঠিকাদারদের দূরত্ব বাড়ছে।
ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু বলেন, নির্বাহী প্রকৌশলী বিল পরিশোধে গড়িমসি করছেন। ঠিকাদারদের নানামুখি হয়রানি করছেন। কাজ শেষ হওয়ার পরও বিল দিচ্ছেন না। বিল না পেয়ে ঠিকাদাররা কষ্টে আছে। দুর্নীতি-অনিয়মে জড়িত আবদুল মতিনের অপসারণ ও শাস্তি দাবি করছি।
Leave a Reply