কুমিল্লা প্রতিনিধি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় আসবেন। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে আজ বুধবার বিকেলে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠ পরিদর্শন করেছেন সিএসএফ টিমসহ বিএনপির নেতারা। পরিদর্শনকালে নেতারা অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, জনসমাগম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এদিকে দলীয় সূত্র জানায়, তারেক রহমানের আগমন উপলক্ষে কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ২০০৩ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে একটি কর্মী সভায় বক্তব্য দিয়েছিলেন। এই প্রথম কুমিল্লা জেলায় বড় মহাসমাবেশে আমাদের নেতা বক্তব্য রাখবেন। দলীয় প্রধানের আগমনে কুমিল্লার ১১টি আসনের ধানের শীষের প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। তাকে বরণ করতে লাখো নেতাকর্মী অপেক্ষা করছে।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া রাতে সমকালকে বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠের ধারণক্ষমতা, নিরাপত্তাসহ সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। আমরা আশা করি, ২/১ দিনের মধ্যেই প্রিয় নেতার আসার বিষয়ে ইতিবাচক ও চূড়ান্ত ঘোষণা পাবো।
Leave a Reply