চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের বাকলিয়ায় যুবদল কর্মী মিনহাজ উদ্দিনের হাতের কব্জি কাটার আলোচিত মামলায় সন্ত্রাসী সৈয়দ মো. তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে পটিয়া থানার আমিরভান্ডার এলাকা থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন জানান, সংঘবদ্ধ হামলায় এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি তুহিনকে পটিয়া থেকে গ্রেপ্তার করি। তার তুহিনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২০১৫ সাল থেকে ১৮টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে অস্ত্র আইনে একাধিক মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং দন্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তুহিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে যুবদল কর্মী মিনহাজের ওপর হামলা চালানো হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পাল্টা হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মিনহাজ উদ্দিন বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার মৃত মিজানের ছেলে।
ঘটরার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মুহাম্মদ কবির ভুঁইয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply