চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় স্টারশিপ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। তবে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কেউ ভর্তি হয়নি।
মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে আবুল খায়ের গ্রুপের এ কারখানার ভেতরের একটি কক্ষে প্রথমে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও আবুল খায়ের গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, ওই কক্ষে তরলজাত পণ্যের জন্য ব্যবহৃত বোতল তৈরি করা হতো।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদসহ চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। দুপুর প্রায় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে স্থানীয় হাসপাতালে পাঠায়।
আবুল খায়ের গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ইমরুল কাদের ভূঁইয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ বিস্ফোরণ ঘটে। আহতদের গ্রুপের নিজস্ব হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, তিনজন এখনো চিকিৎসাধীন। বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এটি কোনো বয়লার বিস্ফোরণ ছিল না। সামাজিক মাধ্যমে বয়লার বিস্ফোরণের যে তথ্য ছড়ানো হয়েছে, তা ভুল বলে দাবি করেন তিনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে যন্ত্রপাতি-সংক্রান্ত কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে।
এদিকে কারখানার শ্রমিকরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের অন্যান্য কারখানা বন্ধ থাকলেও স্টারশিপ ফ্যাক্টরিটি খোলা ছিল।
Leave a Reply