চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী। শিগগির অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চলবে। বৃহস্পতিবার সিএমপি কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ হুশিয়ারি দেন।
নবনিযুক্ত সিএমপি কমিশনার বলেন, নগরীতে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান পরিচালনা করা হবে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।
পুলিশ কর্মকর্তা মো. শওকত আলী বলেন, মানুষ যাতে নিরাপত্তার অনুভূতি নিয়ে চলাফেরা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান চালানো হবে। একই সঙ্গে যানজট নিরসনে কার্যক্রম জোরদার করার উদ্যোগের কথা তুলে ধরে বলেন, নগরবাসীকে স্বস্তির নগরজীবন দিতে কাজ করছে পুলিশ। চট্টগ্রামকে একটি ‘সেইফ সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। কোন চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদা বা ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল মো. শওকত আলী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
Leave a Reply